
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের রশীদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত মেঘলা পরিবহনের বাসের হেলপার আলম হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে পরিবহনের দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত এসে বাস দুটিতে আগুন দেয়। পরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম ‘আমার দেশ’কে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকেরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পাবলিক পোস্ট নিউজ (PPN)